সারা বিশ্বে বাড়ছে করোনা থাবা। রেহাই নেই ভারতে। করোনা যুদ্ধে সারা দেশে লকডাউনের পরিবেশ। আর এই কঠিন সঙ্কটে জীবনের ঝুঁকি উপেক্ষা করে কখনো আইনশৃঙ্খলা বজায় রাখতে আবার কখনো মানুষের মনোবল বাড়াতে বড় ভূমিকা নিয়েছে পুলিশ প্রশাসন। অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে কিংবা সচেতনার বার্তায় তাঁদের কণ্ঠে উঠে এসেছে ঐক্যতার গান। এবার তাঁদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।
গড়িয়াহাট মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করলেন তিনি । শুধু তাই নয় একইসঙ্গে 'বেঙ্গল ইনটেলেকচুয়াল সোসাইটি'র পক্ষ থেকে অগ্নিমিত্রা তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশকর্মীদের হাতে তুলে দিলেন ফুলের পাপড়ি, মাস্ক, মিষ্টি, ঠান্ডা পানীয় এবং স্যানিটাইজার। উদ্দেশ্য, যারা অক্লান্ত পরিশ্রম করে দিনরাত এক করে মানুষের সেবার অবিরত কাজ করে চলেছেন তাঁদের পাশে থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সচেতনতার বার্তার পাশাপাশি এহেন ভাবনার উৎস হিসেবে অগ্নিমিত্রা পাল জানান, "আমরা সবাই লকডাউন মেনে বাড়িতে আছি কিন্তু এইসব পুলিশকর্মীরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে শুধুমাত্র আমাদের সেবা করে চলেছেন। সংবর্ধনার মাধ্যমে তাঁদেরকে একটাই কথা বলব আপনারা ভালো থাকুন। এই যুদ্ধ জয়ের জন্য আমরাও আপনাদের পাশে আছি।"
Comments
Post a Comment