করোনা মোকাবিলায় অসহায় মানুষের পাশে ব্যাটম্যান




দেশজুড়ে লকডাউন। নভেল করোনা ভাইরাসে রুজিরুটি নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। করোনা আবহে খাঁড়ার ঘা দরিদ্র ও শ্রমজীবী মানুষের উপর। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন খেলোয়াড়,ব্যবসায়ী থেকে শুরু করে বলিউডের একাধিক সেলেবরা। আর এরইমাঝে সহায় সম্বলহীন  মানুষের পাশে দাঁড়াল ব্যাটম্যান।  হ্যাঁ ,এমনি অভিনব উপায়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা আলী ফজল। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। যেখানে অভিনেতাকে দেখা যায়  মুখে  ব্যাটম্যানের মাস্ক পরে  গাড়ি চালাতে। একইসঙ্গে  ভিডিওটি পোস্ট করে 'ফুকরে' ছবিখ্যাত এই অভিনেতা লেখেন, ‘‘যাঁরা ট্রোল করেন ও যাঁরা বিদ্বেষ পোষণ করেন তাঁদের সংশয়ে ফেলে দিতে চাই। আসছি আমি! ভিলে পার্লে থাকা কিছু অভাবী মানুষকে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী ও খাবার দিতে আসছি। যে সব সুপারহিরো বাইরে বেরিয়ে কাজ করছেন তাঁদের সকলকে ডেকে নিচ্ছি।' এভাবেই বিখ্যাত সুপারহিরো ব্যাটম্যানের সাজে মুম্বাইয়ের ভিল পার্লে  সংলগ্ন পেট্রল পাম্প ও তার আশপাশের একাধিক জায়গায় ঘুরে বেড়িয়ে অসহায় মানুষদের  প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি। এই অভিনব উপায়ের কারণ হিসাবে তিনি জানান, সচেতনতা ভুলে  ভক্তরা যাতে তাঁকে দেখে  ভিড় না করে,তার জন্যই ব্যাটম্যানের সাজে সামনে আসা। সম্ভবতই আলী ফজলের সচেতনতাসহ অসহায় মানুষের পাশে থাকার এই অভিনব পন্থায় রীতিমত প্রশংসিত  সেলেব থেকে নেটিজেনরা।

Comments