করোনা যুদ্ধে আবার হাসবে বাংলা, টেলি তারকাখচিত মিউজিক ভিডিওয় বার্তা রাজের, পাশে মুখ্যমন্ত্রী মমতা



করোনাভাইরাসে কাবু বিশ্ব। ইতিমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সতেরো হাজার। ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সারা দেশ ব্যাপী চলছে লকডাউন। লকডাউনের প্রভাব এরাজ্যেও। গৃহবন্দি সেলেব থেকে আম জনতা। লকডাউনের জেরে জনমানবহীন শূন্য অলিগলি। চেনা ছকের সেই ব্যস্ততা উধাও।এতদিনের সেই অভ্যস্ত জীবনে হঠাৎই ছন্দপতন। তাই মন খারাপ সোনার বাংলারা। তবে এই দুঃসময় সাময়িক, অপেক্ষা এক নতুন করোনামুক্ত সকালের। করোনাযুদ্ধে জয়ী হয়ে হাসবে বাংলা। আবারো পাড়ায় পাড়ায় বসবে জমাটি আড্ডা, মাটির ভাঁড়ে পাল্লা দিয়ে বাড়বে তুফানি চুমুক। ঘুচে যাবে অন্ধকার। আবারো সেই চেনা ছকে ফিরবে জীবন। আর সে সবই সম্ভব শুধু হাতে হাত মিলিয়ে মেনে চলা সহজ কয়েকটি সচেতনামূলক নিয়ম। তাই করোনা সঙ্কটে সাধারণ মানুষের মনোবল বাড়াতে পরিচালক রাজ চক্রবর্তী'র নয়া প্রয়াস, মিউজিক ভিডিও 'এই বাংলা আমার হাসবে আবার'। আর তাঁর এই উদ্যোগে শামিল টলিউডের এক ঝাঁক তারকারা। মানুষের পাশে এই মিউজিক ভিডিও বার্তায় একইফ্রেমে দেখা গেল আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা,বনি সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, পাওলি দাম, সায়ন্তিকা এবং শুভশ্রীকে। গানটির কথা লিখেছেন প্রসেন। অরিন্দমের সুরে গানটি গেয়েছেন শাশ্বত সিংহ ও নিকিতা গান্ধী। 

চার মিনিটের এই মিউজিক ভিডিওতে ধরা পড়ে  ভিক্টোরিয়া,ধর্মতলা সহ তিলোতমার বিভিন্ন প্রান্ত। পাশাপাশি দেখা যায় প্রত্যেক তারকার ঠোঁটে উদ্দীপনার এই গান বার্তা। আর এই নতুন আশার আলোয় দেখা যায় কখনো ড্রামস বাজাতে যীশুকে এবং কখনো গিটারের ছন্দে একসূত্রে পরমব্রত ও সায়ন্তিকা।তবে এই পুরো শ্যুটটি সকলেই করেছেন নিজের বাড়িতে থেকে।একইসঙ্গে এই ভিডিয়োর শেষে রয়েছে এক চমক। যেখানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা।

ইতিমধ্যে নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত রাজ চক্রবর্তী'র এই প্রয়াস। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মোকাবিলায় কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটি শর্টফিল্ম  বানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। ছবির নাম 'ঝড় থেমে যাবে একদিন'। সিনেমার ভাবনা এবং গানের কথা স্বয়ং মুখ্যমন্ত্রীর। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিন্দম এবং পদ্মনাভ দাশগুপ্ত। মিউজিক কম্পোজ করেছেন কবীর সুমন।এই শর্টফিল্মে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কোয়েল মল্লিক,শুভশ্রী গাঙ্গুলি, রুক্মিণী মৈত্র, আবির চট্টোপাধ্যায়,পরমব্রত চট্টোপাধ্যায় সহ টলিউডের সেলেবদের।এই ছবিটিও লকডাউনে ঘরবন্দি অবস্থাতেই শ্যুট করা হয়েছে। 

Comments