করোনা মোকাবিলায় মানবিকতার মুখ নাইজেল!


এক সময় তিনি মুখ দেখেছিলেন কারাবাসের অন্ধকারের। সেসব থেকে দূরে জীবন ছন্দে আলোর মাটিতে পা রেখেছিলেন এই বাল্মীকি। 'মুক্তধারা' হয়ে অভিনয়ের পথে দর্শকদের কাছে বড় কাছের মানুষ ,মনের মানুষ তিনি। 'গোত্র' ছবির ফ্রেমে সেই তারেক আলী গোত্রহীন মানবতার হিরো। বরাবরই নানা রকম সামাজিক কাজের মাধ্যমে তিনি পিছিয়ে পড়া মানুষদের  জীবনের ছন্দে ফিরিয়ে আনার জন্য লড়ছেন । আজ করোনা যুদ্ধে  জেরবার ভারত সহ গোটা বিশ্ব। লকডাউনের মাঝে দেশজুড়ে যখন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহবান তখন  অভিনেতার তকমায় নয় বরঞ্চ লড়াকু সৈনিকের মত এই কঠিন পরিস্থিতে কলকাতার রাজপথে অভিনেতা নাইজেল আকারা। এই দুর্দিনে মানুষের পাশে এক অন্য পদক্ষেপে তিনি।



হ্যাঁ, গত কয়েকদিন ধরে সল্টলেকের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশনের কাজে দেখা গেল তাঁকে। এই যুদ্ধে  তাঁর সংস্থা কলকাতা ফেসিলিটিজ ম্যানেজমেন্ট( জেল থেকে মুক্তি পাওয়া মানুষদের নিয়ে কাজ করে)-এর সহকর্মীদের নিয়ে বিধাননগর পুরসভার সঙ্গে হাত মিলিয়ে এলাকা স্যানিটাইজ করলেন এই অভিনেতা। এহেন ভাবনার উৎস হিসেবে যোদ্ধা নাইজেল জানান, "একজন অভিনেতা হিসেবে আমি এই  সিনেমাজগৎ থেকে পেয়েছি অনেক ভালোবাসা, অনেক খ্যাতি। কিন্তু আজ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ছে বিশ্ব সহ সমগ্র দেশ। একজন মানুষ হিসাবে এইভাবে সমাজের পাশে থাকাটা আমার কর্তব্য বলে মনে করি।"।
একইসঙ্গে জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষদের কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার কণ্ঠে বারংবার উঠে আসে মাস্কের ব্যবহার, বার বার হাত ধোয়া,সোশ্যাল ডিস্টানসিং,লকডাউন মেনে চলার মত একাধিক সচেতনার বার্তা। শুধু অভিনয়ের পরিধিতে নয় করোনা মোকাবিলায়  এক অন্য মানবিক মুখ নাইজেল আকারার।

Comments