ভারত সহ বিশ্বজুড়ে আতঙ্কের একটাই নাম করোনা ভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুমিছিল। মারণ ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন বা ওষুধের জন্য সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা চালাচ্ছেন গবেষণা৷ আর এই লড়াইয়ে সামিল ভারতের গবেষকরাও। আমেরিকার পিটসবার্গ স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের পর করোনা ভ্যাকসিন নিয়ে আশার কথা শোনাল ভারতীয় গবেষকরা। হায়দ্রাবাদের সংস্থা 'ভারত বায়োটেক' আবিষ্কার করেছে করোনার ভ্যাকসিন৷ যার নাম কোরোফ্লু। ইতিমধ্যে আমেরিকায় ভ্যাকসিনটির অ্যানিম্যাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে। ৩ থেকে ৬ মাস ট্রায়াল চলার পর সবকিছু পজিটিভ রিপোর্ট থাকলে ভারতে ভ্যাকসিনটি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরআগে ভারত বায়োটেক বানিয়েছে হাইরিস্ক ভ্যাকসিন। এইচ১এন১ ফ্লু, চিকুনগুনিয়া, টাইফয়েড সহ ১৬ ধরনের ভ্যাকসিন তৈরি করেছে তারা৷ তথ্য অনুযায়ী, ভ্যাকসিন কোরোফ্লু নাকের ড্রপ হিসাবে মানুষের শরীরে ব্যবহৃত হবে। যেখানে একটি বোতলে থাকবে ১৫ থেকে ২০ ফোঁটা ওষুধ । ভারত বায়োটেকের সিএমডি এবং বিজ্ঞানী কৃষ্ণা এলার মতে, করোনা ভাইরাস নাক থেকে শরীরের মধ্যে প্রবেশ করে হৃৎপিণ্ডে পৌঁছে সেটিকে সম্পূর্ণ ভাবে সংক্রমিত করে ফেলে। এই কারণে ভ্যাকসিনটিকে নাকের ড্রপ হিসাবে তৈরি করা হয়েছে। যাতে শরীরে গিয়ে সেটা রোগ-প্রতিরোধ অ্যান্টিবডি তৈরি করে। এই কোরোফ্লু ভ্যাকসিনের ট্রায়াল সফল হলে বিশ্বজুড়ে ৩০ কোটি ভ্যাকসিন পাঠানো সম্ভব হবে বলে আশাবাদী ভারত বায়োটেক।

Comments
Post a Comment