এশিয়ার নির্বাচিত ২৫টি সেরা খাবারের ছবির মধ্যে অন্যতম ঋতুপর্ণা'র আহা রে


তাঁর অভিনয় অধ্যায় প্রতিনিয়ত লেখা হয় বিভিন্ন ছবির বর্ণমালা। কমার্শিয়াল ছবি থেকে কনটেন্ট বেসড ছবি,নিজের অভিনয় সত্তায় মুগ্ধ করেছেন দর্শককে। সুদূর সিঙ্গাপুরে থেকেও করোনা ভাইরাসের সঙ্কটে সাধারণ মানুষের পাশে থেকেছেন টলিউডের এই খ্যাতনামা অভিনেত্রী।লকডাউনের মাঝে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। এশিয়ান ফুড ফিল্মস্ -এ নির্বাচিত হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত'র অভিনীত বাংলা ছবি 'আহা রে'। আন্তর্জাতিক খ্যাতনামা ম্যাগজিন 'এশিয়ান মুভি পালস'-এর তরফে বেছে নেওয়া সেরা ২৫টি এশিয়ান খাবার সংক্রান্ত ছবির এই নির্বাচিত তালিকায় রয়েছে পরিচালক অ্যাং লি-র 'ইট ড্রিঙ্ক ম্যান ওমেন', জুজো ইটামির 'তামপোপো' সহ জাপানি, চাইনিজ,থাই, দক্ষিণ এশিয়া,উত্তর কোরিয়ার বেশ কিছু আন্তর্জাতিক ছবি। আর তারই মাঝে জায়গা করে নিয়েছে রঞ্জন ঘোষ পরিচালিত বাংলা ছবি 'আহা রে'। এই সম্মানে রীতিমত উচ্ছ্বসিত ছবির প্রযোজক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টিম 'আহা রে'-কে  অভিনন্দন জানিয়ে সেকথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। একইসঙ্গে তিনি জানান,'সেরা ২৫টি খাবার নিয়ে তৈরি ছবির তালিকায় আহা রে নির্বাচিত হয়েছে,এটা আমাদের কাছে গর্বের। এর আগেও আহা রে নিয়ে আমরা পৃথিবীর বিভিন্নপ্রান্ত থেকে বেশকিছু পুরস্কার পেয়েছি। আমাদের কাছে এটা খুবই সম্মানের। এর জন্য আমি পরিচালক সহ আহা রে-র গোটা টিমকে ধন্যবাদ জানাই।খাবার নিয়ে তৈরি এই ছবি যে মানুষের ভালো লেগেছে, আর এটা নিয়ে যে গোটা এশিয়াতে কথা হয়েছে সেটা আমাদের কাছে আনন্দের। যদিও বর্তমান পরিস্থিতি খুব অস্থির। অনেক মানুষ খাবারের জন্যই সমস্যায় রয়েছেন। তাই খাবার অপচয় করা উচিত নয়। আমরা মানুষের জন্যই এই ছবিটা বানিয়েছিলাম।খাবারের ছবি হিসাবে এটা নির্বাচিত হয়েছে সেটা ভেবে ভালো লাগছে।'
কলকাতার এক হিন্দু রাঁধুনী আর বাংলাদেশের মুসলিম শেফের রকমারি রান্নার গুনে মুছে যায় 
কাঁটাতারের বেড়া ,গড়ে ওঠে প্রেম। দুই বাংলার রান্নার প্রেক্ষাপটে তৈরি রঞ্জন ঘোষ পরিচালিত বাংলা ছবি 'আহা রে'।ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের আরিফিন শুভ। এছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ। সেরা খাবারের ছবির তালিকায় 'আহা রে'-এর নির্বাচনে রীতিমত আনন্দিত পরিচালক সহ ছবির গোটা টিম।

Comments