স্যানিটাইজার মেশিন নিয়ে রাস্তায় কেন নাইজেল!



করোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন । গৃহবন্দি সেলেব থেকে আম জনতা। এমন পরিস্থিতিতে মানবতার  ভূমিকায় দেখা গেল টলিউড অভিনেতা নাইজেল আকারাকে। শুধু সচেতনতার বার্তায় নয় রীতিমত মুখে মাস্ক ,হাতে গ্লাভস পরে ফগিং স্যানিটাইজার মেশিন নিয়ে জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন রাস্তায়।  সোমবার এমনি অভিনব ঘটনার সাক্ষী থাকল বিধাননগর এলাকা। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত ওয়ার্ড নং ৩০ সংলগ্ন বিভিন্ন ব্লক যেমন - এএফ, এএইচ, , এজি, বিজি, সিজি, ডিজি, এস এবং  এ -এর ১ থেকে ৭০নম্বর এলাকায় সকাল থেকেই কলকাতা ফেসিলিটি ম্যানেজমেন্টের তরফে অভিনেতা নাইজেল সহ অরিজিৎ পল, অমিত ,সঞ্জয় কোমড় বেঁধে নেমে পড়েন স্যানিটাইজ ট্রিটমেন্টের উদ্দেশ্যে। তাঁদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান ওয়ার্ড নং ৩০- র কাউন্সিলর শ্রীমতি অনিতা মন্ডল সহ এলাকাবাসী। 

অভিনয়ের পাশাপাশি বরাবরই তাঁর মনকে টানে  বিভিন্ন সমাজসেবামূলক কাজ । কখনো  রূপান্তরকামীদের , কখনো যৌনকর্মীদের কিংবা রিহ্যাবের মানুষদের পাশে সহায়তার হাত বাড়াতে দেখা যায় 'গোত্র' ছবির এই তারেক আলীকে। সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমা অনুযায়ী করোনার বিরুদ্ধে মানবিকতার লড়াই লড়লেন অভিনেতা নাইজেল আকারা। 

Comments