"ওদের লড়াই ইঁদুর দৌড়ের বাইরে,ওদের লড়াই লেন্সের দুনিয়া থেকে অনেক দূরে, তবু ওদের লড়াই সিনেমার মত... কারণ ওরা অপরাজিত"।
না, এটা কোন সিনেমার ডায়লগ নয়! আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক মানুষ আছেন যাঁরা সাধারণ হয়েও অসাধারণ। অসামান্য ইচ্ছাশক্তির জোরে সব বাধা সরিয়ে জীবনযুদ্ধে আজ তাঁরা জয়ী। এবার তাঁদের গল্প বলতে পরিচালক অপরাজিতা ঘোষ আগামী ২৫শে মার্চ নিয়ে আসতে চলেছে এক ভিন্ন শো 'অপরাজিত দ্য আনডিফিটেবল'। যারা সমাজের গতিপথে প্রতিনিয়ত গড়ে তুলেছে নিজেদের এক অন্য পরিচিতি। জীবনযুদ্ধে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আজ তাঁরা সফল হলেও কেমন তাঁদের জীবনশৈলী? আর সেই গল্পই বলবে সিএফপি ফিল্মসের ব্যানারে নির্মিত এই শো। যেটি প্রকাশিত হতে চলেছে ইউটিউবে।
সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এর প্রমো। প্রমোর ঝলকে দেখা যায় একজন মহিলা আইনজীবী যিনি ট্রান্সজেন্ডার। যার কথায় উঠে আসে তাঁর একটা সংসার ,একটা ছোট বাচ্চার স্বপ্নের কথা। আবার একটি স্কুলের ছাত্রীর আবৃত্তি পাঠে শোনা যায় মানবতার কথা। কিংবা অপরদিকে এক তরুণ যাকে প্রতিনিয়ত লড়তে হয় স্ট্যান্টের যুদ্ধে। তাঁর কণ্ঠে উঠে আসে একটাই কথা 'এটি আমার লাস্ট সময় যা হবে দেখা যাবে'। আর তাঁদেরই মাঝে প্রতিধ্বনিত হচ্ছে পরিচালক অপরাজিতা ঘোষের "ওরা অপরাজিত"।
ইতিমধ্যে দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে এই প্রমো। বলাই ভালো খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে আসতে চলেছে এক অসামান্য শো 'অপরাজিত দ্য আনডিফিটেবল'।


Comments
Post a Comment