ওয়েবসিরিজের দুনিয়ায় পরিচালক সৌরভের সাথে জুটি বাঁধলেন রজত কাপুর


সময় বদলের পালায়  নতুনত্বের কাঁধে ভর করে বদলের হাওয়া লেগেছে বিনোদন প্রাঙ্গনে। অত্যাধুনিক প্রযুক্তি, গল্প, গান, অ্যাকশন, নির্মাণ কিংবা প্রদর্শন- সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েবসিরিজ। তাই আবারো ওয়েবসিরিজের দুনিয়ায় ধামাকা দিতে চলেছেন  পরিচালক সৌরভ চক্রবর্তী। সম্প্রতি মুক্তি পেয়েছে হইচই-এর আসন্ন সিরিজ ‘শব্দজব্দ’-র টিজার।  মূলত এটি সাইকোলজিক্যাল থ্রিলারের আদলে এক অ্যালঝাইমার্সে আক্রান্ত লেখকের গল্প । যেখানে একজন লেখক,  তাঁর চরিত্ররা, লেখকের অবচেতন এবং একইসঙ্গে বিশ্বাসঘাতকতা - এই সবকিছুই শুধুমাত্র শব্দ ও আবহের  আড়ালে রহস্যের চাদরে সযত্নে সাজিয়েছেন পরিচালক। যা এক কথায় অনবদ্য। ইতিমধ্যেই নেটদুনিয়ায়  বেশ সাড়া ফেলেছে এই টিজার।

ওয়েবসিরিজ  'কার্টুন’ এবং ‘ধানবাদ ব্লুজ’-এর অসাধারণ সাফল্যের পর ফের স্বমহিমায় পরিচালকের আসনে সৌরভ চক্রবর্তী। সিরিজের গল্প লিখেছেন পরিচালক স্বয়ং এবং চিত্রনাট্য লিখেছেন অভ্র চক্রবর্তী ও দীপাঞ্জন চন্দ। একইসঙ্গে এই থ্রিলারমুখী ওয়েবসিরিজের হাত ধরে পরিচালক সৌরভ চক্রবর্তী-র সাথে  জুটি বাঁধতে দেখা গেছে অভিনেতা রজত কাপুরকে। এর আগে একাধিক বাংলা সিনেমায় অভিনয় করলেও বাংলা ওয়েব সিরিজে এটাই তাঁর প্রথম অভিনয়। রজত কাপুর ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন পায়েল সরকার, মুমতাজ সরকার, সালোনি পাণ্ডে, কঙ্কনা চক্রবর্তী,সুব্রত দত্ত প্রমুখ। খুব শীঘ্রই হইচইতে দেখা যাবে এটি।আর তার আগে  বাংলার এই ওয়েবসিরিজের টিজারে মুগ্ধ  অমিতাভ বচ্চন স্বয়ং। ট্যুইটে কঙ্কনা চক্রবর্তীর প্রশংসার পাশাপাশি শব্দজব্দের পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তিনি।  সম্ভবতই ওয়েবসিরিজের দুনিয়ায়  'শব্দজব্দ' সিনেমাপ্রেমীদের মন জয় করবে বলে আশাবাদী পরিচালক সহ গোটা টিম।

Comments