মার্শেলিন কো অপারেটিভ হাউজিং সোসাইটি -র নারীশক্তিরা মেতে উঠল মাতৃ বন্দনায়





একটা সময়ে দুর্গাপুজো মানেই ছিল সকলের সাথে সকলের একাত্ম হওয়া। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সেই সময় মিলেমিশে হয়ে উঠত যৌথ পরিবার। কালের গতিতে সেসব অতীত হলেও শহরের আবাসনের পুজোগুলিতে দেখা মিলছে সেই পুরোনো স্বাদের ছোঁয়া। ঠিক তেমনি কলকাতায় অবস্থিত মার্শেলিন
 কো অপারেটিভ হাউজিং সোসাইটি-তে দেখা গেল ঐতিহ্যের বন্ধন  । ২৭তম বর্ষে পদার্পন করল এই আবাসনের দুর্গাপুজো। প্রতি বছরের মত এবছরও আবাসনের ৩৩৬ টি ফ্ল্যাটের আবাসিকরা মেতে উঠলেন শারদোৎসব। গত বৃহস্পতিবার মহিলা দ্বারা পরিচালিত এই পুজোর হয়ে গেল শুভ আনুষ্ঠানিক উদ্বোধন। এই আনন্দানুষ্ঠানে উপস্থিত  ছিলেন মার্শেলিন কো অপারেটিভ হাউজিং সোসাইটি-র চেয়ারম্যান শ্রী অনুপ কুমার ভট্টাচার্য, সম্পাদক শ্রী সুরজিৎ কুমার চক্রবর্তী, বিশিষ্ট  আইনজীবী শ্রী পন্টু দেবরায়, পুজো কমিটির সেক্রেটারি শ্রীমতী সর্বাণী লাহিড়ী, সদস্যা- শ্রীমতী লিপিকা মান্না, মন্দিরা চৌধুরী, পম্পা, সীমা দত্ত, রিমা সান্যাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন আবাসনের ৪০জন বর্ষীয়ান ব্যক্তিদের উত্তরীয় সম্মানে সম্মানিত করা হয়। একইসঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শুধু কি তাই! ছিল আরেক বিশেষ আকর্ষণ আনন্দমেলা। যেখানে রসনার তৃপ্তি দিতে আবাসনের গৃহিণীরা তাঁদের হাতের সুস্বাদু রান্নার স্বাদে ভরিয়ে তুলল পুজোপ্রাঙ্গন।

পুজো উপলক্ষে এদিন পুজো কমিটির সেক্রেটারি শ্রীমতী সর্বাণী লাহিড়ী জানান, "আমরা আনন্দ সহকারে ২৫জন সদস্যা মিলে  পুজোর দ্বায়িত্বভার সামলাচ্ছি। থিমের বদলে  থাকে এখানে সাবেকিয়ানা ছোঁয়া।ভোগবিতরণ থেকে শুরু করে চারদিনব্যাপী এই আয়োজনে রয়েছে এখানকার ছেলে মেয়েদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।"

এই আবাসনের বিশিষ্ট  আইনজীবী শ্রী পন্টু দেবরায় জানান, "দীর্ঘ ২০ বছর ধরে এই আবাসনে বসবাস করছি। আমাদের  উদ্দেশ্য সবাইকে নিয়ে পুজোর ক'দিন আনন্দে মেতে ওঠা।  খুব নিষ্ঠা সহকারে  এই পুজো করেন মহিলারা । তাদের প্রচেষ্টা প্রশংসনীয়।"


পুজোকালীন নিজেদের ফ্যাশন  সম্পর্কে অন্যতম  উদ্যোক্তা শ্রীমতী লিপিকা মান্না জানান, "আনন্দ,  বিনোদনের পাশাপাশি চারদিনব্যাপি মায়ের আরাধনায় থাকে আমাদের স্পেশাল ড্রেসকোড।"


মহিলা পরিচালিত এই পুজো সম্পর্কে মার্শেলিন কো অপারেটিভ হাউজিং সোসাইটি-র চেয়ারম্যান শ্রী অনুপ কুমার ভট্টাচার্য বলেন, "গত দু'বছর ধরে মহিলাদের এই প্রয়াস অতুলনীয়। "

বলাইযায়, সবাইকে সঙ্গে করে দেবীর আরাধনায়   মেতে  উঠল আবাসনের উমারা।


Comments