আজানের সুরে আগমনীর বার্তা নিয়ে বড়িশা তরুণতীর্থ ক্লাবের পুজোর থিম সং 'মা এসেছে তুলির টানে'। মঙ্গলবার দক্ষিণ কলকাতার হংসধ্বনি স্টুডিওয়ে হয়ে গেল এই থিম সং-এর রেকর্ডিং। যেখানে উপস্থিত ছিলেন সুরকার অতনু দাশগুপ্ত, সঙ্গীত শিল্পী স্বর্ণালী বোস, বড়িশা তরুণতীর্থ ক্লাবের সম্পাদক শ্রী অরনি সরকার, ক্লাব সদস্যবৃন্দ চন্দ্রানী দাস মুখার্জী, ঝুমা চ্যাটার্জি, ঋত্বিক দে সহ অন্যান্যরা।
দৈনদিন জীবনের টানাপোড়েনে ক্রমশ হারিয়ে যাচ্ছে একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে দূরত্ব। এবার সেই দূরত্বকে সরিয়ে নিজের মনের রঙের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিতে তাদের এই অভিনব প্রয়াস। এই থিম সং-এ কণ্ঠ দিয়েছেন স্বর্ণালী বোস। সুরের দায়িত্ব সামলেছেন অতনু দাশগুপ্ত ।
এদিন পুজোর থিম সম্পর্কে ক্লাব সম্পাদক শ্রী
অরনি সরকার জানান, "এবছর ৩৫বছরে পদার্পন করল বড়িশা তরুণতীর্থ ক্লাব। আমাদের এবারের পুজোর বাজেট ৫ লাখ টাকা । মন্ডপে রয়েছে নানা রঙের মেলা। এই রঙের মাধ্যমে আমরা মানুষের মনের হারিয়ে যাওয়া রঙকে ফিরিয়ে আনতে চাইছি। এছাড়া সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাইছি মানুষের মনের মধ্যে। বিগত কয়েকবছর ধরে আমরা একাধিক সম্মানে ভূষিত হয়েছি। পুজো ছাড়াও আমাদের এই ক্লাব খেলাধুলার প্রতি আগ্রহী। সেইমত উদ্যোগ নিয়ে থাকি আমরা।"
এই অভিনব প্রয়াস সম্পর্কে সুরকার শ্রী অতনু দাশগুপ্ত জানান, "মা সবার, মায়ের কোন জাত নেই। সব বর্ণের মানুষ একসাথে এসে পুজোর আনন্দে মেতে উঠতে পারে তারই বার্তা রয়েছে এই থিম সং-এ।"
আপনাদের জানিয়েরাখি, অঞ্জন চৌধুরীর প্রোডাকশনে চুমকি চৌধুরীর পরিচালিত সিনেমায় গান গেয়েছেন সঙ্গীত শিল্পী স্বর্ণালী বোস। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবির গান।
বলাইযায়, এবার পুজোয় রঙে রঙে আগমনীর বার্তা দিতে তৈরি বড়িশা তরুণতীর্থ ক্লাব।



Comments
Post a Comment