২১পল্লীর ভিডিও লঞ্চে ঘিরে রইল 'পাসওয়ার্ড'


আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার হাতছানিতে তথ্যের আদান প্রদান যত  সহজতর হয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে  সাইবার  হেনস্থার শিকার ।সাইবার ক্রাইম নিয়ে জেরবার গোটা বিশ্ব ৷ প্রতিনিয়ত বাড়ছে সাইবার ক্রাইমের পরিমাণ ৷  এই ঘটনার আবরণে  এবার  পুজোতে বড়পর্দায় আসছে ক্রাইম থ্রিলার কেন্দ্রিক ছবি 'পাসওয়ার্ড'।  মঙ্গলবার  দক্ষিণ কলকাতার অন্যতম পুজো কমিটি ২১পল্লী সার্বজনীন দূর্গাউৎসব সমিতিতে হয়ে গেল এই ছবির দুটি পোস্টার লঞ্চ।  এদিন একইসঙ্গে  পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ পাসওয়ার্ড টিমের দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সঙ্গীত পরিচালক স্যাভি,২১পল্লী সার্বজনীন দূর্গাউৎসব সমিতির সভাপতি শ্রী সুরেশ শেঠিয়ার  উপস্থিতিতে হয়ে গেল  ২১পল্লীর  এবারের পুজোর থিম ভিডিও লঞ্চ। এবারের থিম 'মজাটাই যেখানে'।

কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারের  এই নতুন ছবিতে  দেব, রুক্মিণী , পরমব্রত ছাড়াও রয়েছেন  পাওলি দাম, আদৃত রায় এবং তৃণা সাহা সহ  অন্যান্যরা।  এই ছবিতে দেবকে সাইবার ক্রাইম বিভাগের একজন পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে। এখানে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করছেন এক সাইবার টেররিস্টের ভূমিকায়। এথিকাল হ্যাকারের ভূমিকায় নিশার চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র।

দেব ও কমলেশ্বর জুটির এটি চতুর্থ ছবি।এদিন এই ছবি সম্পর্কে অভিনেতা দেব জানান, "দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বরাবরই চেষ্টা করে  নতুন কিছু করার। 'পাসওয়ার্ড 'এমন একটি  ছবি  বাংলায় এর আগে কখনও হয়নি।"

 'কিডন্যাপ' -এর পর আবারো এই ছবিতে দেখা যাবে দেব এবং রুক্মিণী মৈত্রকে। 'পাসওয়ার্ড'-এ নিজের অভিনয় সম্পর্কে অভিনেত্রী জানান, "এই ছবিতে আমার আর পাওলির অনেক স্টান্ট আছে। খুব ভালো লাগছে, একটা অন্য ধরনের ছবি 'পাসওয়ার্ড'। দর্শকদের খুবই ভালো লাগবে।"

জুলফিকারের পর আবার পর্দায় একসঙ্গে  দেব পরমব্রত জুটি। অন্যদিকে  অভিনেতা আদৃত এই ছবির মাধ্যমে এঁদের সকলের সঙ্গে  প্রথমবার একসঙ্গে কাজ করলেন । ছবিতে  আবহ সংগীত স্যাভির এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অভীক মুখোপাধ্যায়।
এদিন উপরোক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১পল্লীর সহ-সভাপতি  অনুরাগ সহ অন্যান্য সদস্যবৃন্দ। আগামী ২রা অক্টোবর  প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ক্রাইম থ্রিলার ছবি 'পাসওয়ার্ড'।


বলাইযায়, এবছর পুজোয় ২১পল্লীর ভিডিও লঞ্চে ঘিরে রইল 'পাসওয়ার্ড'-এর গোটা টিম।

Comments

Post a Comment