সম্প্রীতির বার্তায় নতুন গোত্রের জন্ম দিল শিবু-নন্দিতা জুটি



 আগমনীর বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। আর মাত্র ৪১দিন বাকী। মা আসছেন! চরম ব্যস্ততায় ঘিরে  কুমারটুলীর পাড়ায়। আমার আপনার ঘরের উমা সেজে উঠছে  রাকিব ,শবনম কিংবা নিখিলের হাত ধরে। কিন্তু ওরা কি জানে ওদের ধর্ম কি? হ্যাঁ, মানবতাই যে আসল ধর্ম তা ওদের অজান্তেই জানা। ঠিক তেমনি দেশজুড়ে  যখন গত শুত্রুবার জন্মাষ্টমীর শুভলগ্নে শ্রীকৃষ্ণ এবং তাঁর পালিত মা যশোদার কাহিনী নিয়ে মত্ত তেমনি  ধর্মের বেড়া জাল ছাড়িয়ে শুধুমাত্র ভালোবাসার 'গোত্রে'র কাহিনী নিয়ে  একাত্ম হলেন এক হিন্দু মা আর তাঁর মুসলমান ছেলে । মাতৃত্বের কোন জাত থাকে না,  থাকে না কোন মাতৃত্বের ভেদাভেদ। এই বার্তায় এদিন দক্ষিন কলকাতার প্রিয়া সিনেমাহলে সাড়ম্বরে আয়োজিত হল উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত পরিচালক জুটি শিবুপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত মানবতার ছবি 'গোত্র'র স্পেশাল স্ক্রিনিং।  স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন পরিচালক শিবুপ্রসাদ মুখোপাধ্যায় -নন্দিতা রায় ,নাইজেল আকারা, মানালি-মনীষা দে,অনসূয়া মজুমদার , সাহেব চট্টোপাধ্যায়,বাদশা মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, দেবলীনা কুমার, ওম প্রকাশ সাহানি,  গায়ক তথা সংগীত পরিচালক সুরজিৎ চট্টোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী,  কীর্তন শিল্পী অদিতি মুন্সি  সহ ছবির সকল কলাকুশলীরা। এছাড়াও  নবাগত পরিচালক পৃথা চক্রবর্তী, খুদে অভিনেতা ব্রত বন্দ্যোপাধ্যায়(ভুতু ভাইজান) সহ আরো অনেকে এসেছিলেন এই প্রিমিয়ারে।

 এই জনপ্রিয় পরিচালক জুটি  বরাবরই এক্সপেরিমেন্টালে বিশ্বাসী। তাঁদের ছবিতে উঠে আসে সমাজের প্রাসঙ্গিকতার কাহিনী। ঠিক তেমনি আজকের দিনে দাঁড়িয়ে জাতপাত, সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে ছবির মাধ্যমে প্রতিরোধের বার্তা দেয় 'গোত্র'। এই ছবিতে রয়েছে মানবিকতার ছোঁয়া তেমনি আছে এক প্রশ্ন,  বাড়ির একাকী বয়স্ক মানুষেরা আজ কততাই বা নিরাপদ?ভালোবেসে আপন করে নেওয়ার  অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ। সেই সমাজে আস্থার পরশ দিতে শিবু-নন্দিতার এই প্রয়াস।

ছবির সংক্ষিপ্ত কাহিনী:

সত্তোরোর্ধ্ব  একাকী  মুক্তিদেবী(অনসূয়া মজুমদার) থাকেন গোবিন্দধাম নামক বিশাল বাড়িতে। যেখানে প্রতিদিন হয়  তাঁর সাধের রাধাকৃষ্ণের নিত্যপূজো। পুরোহিতমশাইয়ের (অম্বরীশ ভট্টাচার্য)পুজোর পর চলে মুক্তিদেবীর খাওয়াদাওয়া। পাড়ায় তিনি চিহ্নিত 'হিটলার মাসিমা' বলে। একমাত্র সন্তান অনির্বান(সাহেব চট্টোপাধ্যায়) থাকে বিদেশে। ছুটিতে বাড়িতে আসে।নিঃসঙ্গ মুক্তাদেবীর সাথে মাঝে মধ্যে গল্প করতে আসে একজন ভদ্রলোক(সন্তু মুখোপাধ্যায়) এবং ছেলের বন্ধু (বাদশা মৈত্র)।

এদিকে পাড়ার মস্তান প্রমোটার বাপির (খরাজ
মুখোপাধ্যায়) চোখ পড়ে গোবিন্দধামের উপর। ছুটিতে সেবারে অনির্বান বাড়িতে এসে খবর পায় চুরির উপদ্রবের।বিদেশে নিচিন্তে থাকার জন্য এবং একইসঙ্গে মায়ের নিরাপত্তার জন্য শুচিবায়ু গ্রস্ত মুক্তিদেবীর দেখভালের দায়িত্বে আসে ৯বছর জেল-খাটা 'তারেক আলী'(নাইজেল আকারা)।একে মুসলমান তার উপর  তারেক লেখাপড়া  না জানলেও সে একাধারে জলের পাম্প সারাতে পারে, ইলেট্রিকের কাজ , বাথরুম পরিষ্কার করে, আর  জানে নিজের ছেলের থেকেও বেশি দেখাশোনা করতে  তাঁর পালিতা মা মুক্তি দেবীর। অন্যদিকে পরিচয় গোপন করা মুসলমান কেয়ারটেকার -এর সাথে হাজারো ঝগড়া, খুনসুটি থাকলেও ধর্মের বেড়াজাল সরিয়ে  মাতৃত্বস্নেহে পরম যত্নে আপন করতে পারে মুক্তিদেবীও। মা ছেলের ভালোবাসার সম্পর্কের পাশাপাশি  তারেকের জীবনে  ভালোবাসায় ভরিয়ে দেয়  কাজের মেয়ে 'ঝুমা'(মানালী দে)। সমাজের তোয়াক্কা না করে মাতৃস্নেহে জাতপাতকে পিছনে ফেলে যখন একজন হিন্দু মা  তাঁর স্নেহের মুসলমান ছেলেকে বুকে জড়িয়ে আপন করে নেয় ঠিক সেইসময় প্রমোটার বাপি জন্মাষ্টমীর দিনে তারেকের হাতে প্রসাদ  না খাওয়ার অজুহাত হিসাবে তুলে ধরে সেই ধর্মের প্রশ্ন ! হিন্দু ঘরে মুসলমান ছেলের হাতে কিভাবে খাবার পরিবেশন ? আর ঠিক এই ভাবনায় এক  জমাটি গল্পের মাধ্যবে সমাজে মানবিকতার গোত্রে পরিচয় করালেন শিবু-নন্দিতা জুটি। ছবিতে প্রত্যেকের নিজ নিজ অভিনয় দুর্দান্ত।
গল্পে যেমন রয়েছে হাসি, আনন্দ, মানবিকতার ছোঁয়া তেমনি ছবির প্রত্যেকটি গানে থাকছে নতুনত্বের মেজাজ। অরিজিৎ সিং-এর কণ্ঠে এবং অনিন্দ্য চট্টপাধ্যায়ের কথা ও সুরে  'মা' গানটি বেশ অনবদ্য। শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'নীলদিগন্তে '  মানালী -নাইজেলের রসায়ন এক আলাদা মাত্রা যোগ করেছে।   '। আলাদা করে মন ছুঁয়ে যায় অদিতি মুন্সির গাওয়া কীর্তন এবং শ্রেয়ার 'বৈষ্ণব সেইজন' গানটি।
এছাড়াও সুরজিত -ইমনের গানে 'রঙ্গবতী' নাচে ধামাকা ছড়িয়েছে ওম এবং দেবলীনা। 'মাসিমা হিটলার' -এ অভিনেতা বিশ্বনাথ নজর কেড়েছে।

শেষপর্যন্ত কাছের মানুষ হতে গেলে শুধুমাত্র মানবতা, ভালোবাসা ছাড়া
কোন গোত্র যে সত্যি লাগে না তা আরো একবার প্রমাণ করল 'গোত্র'র পুরোটিম।

Comments