মায়ের আগমনের দিনপ্রহর শুরু। তাই শুত্রুবার জন্মাষ্টমীর শুভ লগ্নে খুঁটিপুজোর উন্মাদনায় মেতে উঠল দক্ষিণ কলকাতার অন্যতম পুজো কমিটি ২১পল্লী সার্বজনীন দূর্গাউৎসব সমিতি। আর সেই রেশে বাড়তি সংযোজনে একইসঙ্গে হয়ে গেল 'গুমনামী'র প্রমোশন । এই আনন্দানুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় , মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখার্জি, জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী পল্লবী চ্যাটার্জি, অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় , ২১পল্লীসার্বজনীন দূর্গাউৎসব সমিতির প্রেসিডেন্ট শ্রী সুরেশ শেঠিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এবছর ৭৩তম বর্ষে পদার্পন করল এই পুজো।এবারের থিম 'মজাটাই যেখানে'। শ্রী নব পালের ঐতিহ্যগত ভাবনা দেখা যাবে এই পুজোমন্ডপে। যেখানে চমক হিসাবে থাকছে ফুড আউটলেট, কিড'স জোন, দূর্গাপুজো গ্যালারি এবং জি বাংলার স্টেজ পারফরম্যান্স। এদিন পুজো-পার্বণ ,মন্ত্রাচরণ, ঢাকের বাদ্যি এবং নাচের তালের জমজমাটি আসরে সম্পন্ন হল খুঁটিপুজো।
এবারের পুজোতে মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিত মুখার্জির পরিচালিত বিতর্কিত ছবি 'গুমনামী’।মূলত নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্য নিয়ে গবেষণার উপরেই তৈরি এই ছবি। ১৯৪৫ সালে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কিনা? কিংবা গুমনামী বাবাই নেতাজি কিনা, এ ধরণের নানান বিষয়ে আলোকপাত করা হয়েছে এই ছবিতে। ছবিতে নেতাজীর ভূমিকায় দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এখানে প্রসেনজিৎ-এর লুকে রয়েছে এক এক্সপেরিমেন্টাল ছোঁয়া। ওজন বাড়ানো থেকে শুরু করে প্রস্থেটিক মেকআপ সহ প্রায় ঘন্টা তিনেকের পরিশ্রমের পর এই লুক তৈরি হয়েছে। ইতিমধ্যে অভিনেতার এই অভিনব লুক ভাইরাল হলেও ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
এদিন ছবির প্রচারে সম্পর্কে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, " খুঁটিপুজো আসা মানেই মা আসছেন, চারদিকে ছড়িয়ে পড়ছে পুজো পুজো গন্ধ। আর আজকের দিনে অফিসিয়ালি আমরা 'গুমনামী' ছবি নিয়ে প্রথম প্রমোশন করলাম, খুবই ভালো লাগছে" ।
এদিন এই আনন্দানুষ্ঠানে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, " এই পুজোয় রয়েছে সাবেকিনার ছোঁয়া।২১পল্লীকে নিয়ে এই এলাকার মানুষেরা দূর্গাপুজোকে সার্থক করে তোলে"।
গুমনামী'র কলাকুশলীদের সঙ্গে নিয়ে জন্মাষ্টমীর দিনে খুঁটিপুজোর আবরণে শুরু হল ২১পল্লীর পুজোর কাউন্টডাউন।








Comments
Post a Comment