কলকাতার রবীন্দ্রসদনে অবস্থিত পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে গত বৃহস্পতিবার লঞ্চ হল প্রবাসী বাচিক শিল্পী শ্রীমতী সহেলী দাস-এর একক বাংলা কবিতার বিশেষ অ্যালবাম 'কবিতার রামধনু'। যেখানে রয়েছে 'রজনীগন্ধা কফিন' এবং 'আমার দূর্গা' নামক দুটি কবিতার সিডি। ইউডি সিরিজ প্রকাশিত এই যুগ্ম সংকলনে থাকছে প্রেম, নারীবাদী , প্রতিবাদী, দার্শনিক, আঞ্চলিক কবিতার মত মোট ২৯টি আধুনিক বাংলা কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, সুবোধ সরকার, শুভ দাশগুপ্ত, মল্লিকা সেনগুপ্ত, দেবব্রত সিনহা,অতনু বর্মন সহ ১৯জন স্বনামধন্য এবং একইসঙ্গে নতুন কবিদের কবিতা তুলে ধরা হয়েছে 'কবিতার রামধনু'-তে। এই অ্যালবামের নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর এবং আবহ সংগীতের দায়িত্ব সামলেছেন শ্রী সুমন ব্যানার্জি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং নাট্য অভিনেতা শ্রীমতী বিজয়লক্ষী বর্মন,বাচিক শিল্পী শ্রীমতী সহেলী দাস, বাচিক শিল্পী কাজল সুর, ডাঃ দেবেশ দাস, ইউডি সিরিজ-এর কর্ণধার রাজ কল্যাণ রায়, শ্রী সুজিত তালুকদার সহ অন্যান্যরা।
প্রথাগত শিক্ষা নয় শুধুমাত্র ভালোবাসার তাগিদে কবিতার অন্তরে প্রবেশ মুম্বাই নিবাসী সহেলী'র। নিজের অদম্য জেদ এবং পাশাপাশি সুপ্রতিষ্ঠিত প্রবাসী স্বামী ডাঃ দেবেশ দাসের প্রচেষ্টায় একইসঙ্গে সমগ্র পরিবারের সহযোগিতায় নিজেকে মেলে ধরছেন তিনি। এই প্রথম ইউডি সিরিজের হাত ধরে তাঁর পথ চলা। এই কবিতার অ্যালবামের সুর-তাল-ছন্দ সহেলির নিজস্ব।
এদিন এই অ্যালবাম সম্পর্কে শিল্পী জানান, "কবিতা ছাড়া আমার একটা দিনও কাটে না। মনের তাগিদে এবং একইসঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আমার এই প্রয়াস।"
উপরোক্ত অনুষ্ঠানে নাট্য অভিনেতা শ্রীমতী বিজয়লক্ষী বর্মন জানান, "খুবই ভালো প্রয়াস। আমি আশাকরছি সহেলী এইভাবে যেন এগিয়ে যায়।"
আপনাদের জানিয়েরাখি , মাত্র ১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে অসাধারণ কবিতার সংকলন 'কবিতার রামধনু'।




Comments
Post a Comment