রবীন্দ্রসংগীত ,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সুরারোপিত গান। যে গানের থাকে না কোন ধর্ম কিংবা কোন দেশের ভেদাভেদ। আসলে রবিঠাকুর হলেন আমাদের অন্তর আত্মার প্রতিফলক। আর সেই প্রতিফলনে মিলে মিশে গেল দুই বাংলার শিল্পীর কণ্ঠ । মঙ্গলবার কলকাতার প্রেসক্লাবে হয়ে গেল রবীন্দ্রসঙ্গীতের ভিডিও অ্যালবাম লঞ্চ। অ্যালবামটির নাম 'দাঁড়িয়ে আছো তুমি আমার'। সাউন্ডটেক নিবেদিত এই রবীন্দ্রসঙ্গীত অ্যালবামে গান গেয়েছেন গানের সম্রাজ্ঞী হৈমন্তী শুক্লা এবং বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাঃ অরূপ রতন চৌধুরী। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিল শ্রী দেবাশিস কুমার, মন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায়,সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, সঙ্গীত শিল্পী ডাঃ অরূপ রতন চৌধুরী।
অ্যালবামটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পূজা এবং প্রেম পর্যায়ের মোট পাঁচটি গানের সংকলন। গানগুলি হল- 'সেদিন দুজনে দুলেছিনু বনে', 'আমার পরান যাহা চায়',' দাঁড়িয়ে আছো তুমি আমার', 'তোমার কাছে এ বর মাগি'এবং 'তোমার পূজার ছলে তোমায়'। অ্যালবামে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন
প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।সঙ্গীত পরিচালনায় দীপঙ্কর ভাস্কর।
বাংলাদেশের দন্ত চিকিৎসক হিসাবে এক বিশিষ্ট নাম ডাঃ অরূপ রতন চৌধুরী। ধূমপান এবং মাদক বিরোধী কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ২০১৫সালে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন। তিনি আধুনিক ছাড়াও রাগাশ্রয়ী এবং ভক্তিমূলক গানের জন্য বিভিন্ন পুরস্কারে সম্মানিত।
এদিন এই অনুষ্ঠানে হৈমন্তী শুক্লা জানান ,"অরূপ খুবই গুণী মানুষ। আমাদের এই প্রয়াস আশাকরি সবার ভালো লাগবে।"
ডাঃ অরূপ রতন চৌধুরী এদিন অ্যালবাম সম্পর্কে জানান, "দুই বাংলার শিল্পীর কন্ঠ মানুষের মন জয় করবে। প্রথমে বাংলাদেশে এই অ্যালবাম প্রকাশিত হয়েছে আর আজ ভারতবর্ষে এটি লঞ্চ হল। ভারত ও বাংলাদেশের সর্বত্র এই ভিডিও অ্যালবামটি পাওয়া যাচ্ছে।"
সবমিলিয়ে গানে গানে দুই বাংলার সম্প্রীতির সাক্ষী হয়ে রইল মহানগর।





Comments
Post a Comment