স্বদেশী হৃদয় নিয়ে শ্রীকান্ত আচার্যের নতুন গান 'আমার হৃদয়ে স্বদেশ'


আধুনিক যুগে রোম্যান্টিক ,রিমিক্স , আইটেম গানের বাড় বাড়ন্ত থাকলেও হারিয়ে যাচ্ছে দেশাত্ববোধক গান। তাই গতিময় যুগে স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে  মঙ্গলবার গুরুপূর্ণিমার দিনে কলকাতার প্রেসক্লাবে রাগা মিউজিকের  তরফ থেকে হয়ে গেল দেশাত্ববোধক গানের অ্যালবাম লঞ্চ।  অ্যালবামটির নাম 'চারণের গান'। রাগা মিউজিক এবং সিম্ফোনির তত্ত্বাবধানে আয়োজিত এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাগা মিউজিকের কর্ণধার শ্রী প্রেম কুমার গুপ্তা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, প্রখ্যাত সঙ্গীত বিশারদ কল্যাণ সেন বরাট,সুরকার চন্দন রায় চৌধুরী, শ্রী চিন্ময় বসু, শিল্পী প্রতাপ রায় ,ক্যালকাটা কয়ার-এর শিল্পীবৃন্দ সহ অন্যান্যরা।

দেশগানের এই অনন্য অ্যালবামটিতে রয়েছে মোট ৮টি গানের সংকলন।  গানের কথা লিখেছেন ডঃ প্রবীর কুমার রায় । গানগুলি হল- 'আমার হৃদয়ে স্বদেশ', 'আমরা জাগরণের গান গাই', 'ভারত তীর্থে মম জীবন', 'গ্রামে যাই চলো', 'ভারত আত্মার বাণী শোন পৃথিবী', ' জাগো জাগ্রত ভারতের জনতা', 'যৌবনের স্পন্দনে', 'আমার আঁখিতে আমি হেরি আজ'। যার মধ্যে  সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য-র কণ্ঠে এবং সুরকার কল্যাণ সেন বরাটের সুরে পরিবেশিত হয়েছে 'আমার হৃদয়ে স্বদেশ প্রকৃতি রূপে বন্দিত' নামক গানটি। এছাড়াও রয়েছে সঙ্গীত শিল্পী স্বাগত দে-র কণ্ঠে'গ্রামে যাই চলো জীবনেরে খুঁজে নিতে' নামক লোকগান।  শুধুমাত্র সুরকার হিসাবে নয় এই অ্যালবামে 'আমার আঁখিতে আমি হেরি ক্ষুধাতুর বিশ্ব' গানটি গেয়েছেন কল্যাণ সেন বরাট স্বয়ং। একইসঙ্গে অ্যালবামের অন্যান্য গানগুলি আলপনা সেনগুপ্ত-র সুরে ক্যালকাটা কয়ার -এর শিল্পীবৃন্দের কণ্ঠে পরিবেশিত হয়েছে।

স্বাধীনতা আন্দোলনের সময় যেসব কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে বিভিন্ন স্থানে  ঘুরে বেড়িয়ে মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতেন,তাঁদেরকে চারণ কবি বলা হয়। এরই মধ্যে বাংলা সাহিত্যে চারণ কবি মুকুন্দ দাসের কথা আসে সবার আগে। তারই অনুপ্রেরণায়  এই অ্যালবামে গানের কথা দিয়েছেন গীতিকার ডঃ প্রবীর কুমার রায়।এদিন প্রকাশিত অ্যালবাম সম্পর্কে ডঃ রায় জানান, "এই প্রয়াস প্রত্যেকের সহযোগিতায়  সফল হয়েছে। নিজের দেশকে না ভালোবাসলে পৃথিবীকে ভালোবাসা যায় না।  শুভ প্রথার্নার দ্বারাই সমাজের ক্রোধ, গ্লানি দূর করা সম্ভব।"


এই অনুষ্ঠানে অ্যালবাম সম্পর্কে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য বলেন," অ্যালবামে
গান গাইতে পেরে আমি কৃতজ্ঞ।"
আপনাদের জানিয়েরাখি , মাত্র ৯৯ টাকায় পাওয়া যাচ্ছে দেশাত্ববোধক গানের অ্যালবাম
'চারণের গান'।

Comments