খোঁজ মিলল ২৫জন নিখোঁজ ভারতীয় মৎস্যজীবীর



অবশেষে  সুখবর! বাংলাদেশে খোঁজ মিলল ২৫জন নিখোঁজ ভারতীয় মৎস্যজীবীর।  বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর, , তারা প্রত্যেকেই রয়েছেন সে দেশে।  আপাতত বাংলাদেশের আবহাওয়া বিশেষ ভাল নয় তাই তাদের ভারতে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না ।  আবহাওয়ার উন্নতি হলেই মৎস্যজীবীদের ভারতের কাকদ্বীপে ফিরিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে বাংলাদেশ সরকার৷ নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজখবর নিতে প্রতি মুহূর্তে নবান্নের তরফে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে৷

গত রবিবার আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও  দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিভিন্ন গ্রামের মৎস্যজীবীরা ইলিশ মাছ ধরে বেশি পরিমাণে অর্থ উপার্জন করার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন।
বঙ্গোপসাগরের কেন্দুয়া দ্বীপের বেশ কয়েক কিলোমিটার পূর্বে ভারত-বাংলাদেশ জলসীমার কাছে আচমকাই সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন ওই মৎস্যজীবীরা। সেখানে ফবি দশভূজা, এফবি বাবাজি, এফবি জয় যোগীরাজ ও এফবি নয়ন নামে চারটি ট্রলার ডুবে যায়৷ ওই চারটি ট্রলারে থাকা ৬১ জন মৎস্যজীবীদের মধ্যে  ৩০ জন মৎস্যজীবীকে আশপাশে থাকা অন্য কয়েকটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা গেলেও ২৫ জন ভারতীয় মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায় না। টানা চারদিন কাটার পর অবশেষে খোঁজ মিলল ওই নিখোঁজ মৎস্যজীবীর। কবে তারা সুষ্ঠভাবে ভারতে ফিরে আসবে সেই  অপেক্ষার প্রহর গুনছে পরিজনেরা।

Comments