রথের রশিতে টান পড়া মানেই মায়ের আগমনের দিনগোনা শুরু। দিনপ্রহরের যাত্রায় বাড়তি সংযোজন নিয়ে আসে খুঁটিপুজো। রথযাত্রা থেকেই খুঁটিপুজো করে মণ্ডপ তৈরির কাজ শুরু করে বিভিন্ন পুজো কমিটিগুলি। আজ উল্টোরথের দিনে প্রতি বছরের মত এবছরও দক্ষিণ কলকাতার অন্যতম পুজো কমিটি ত্রিধারা সম্মেলনী- তে হয়ে গেল খুঁটিপুজো । ত্রিধারা-র খুঁটিপুজো আর চমক থাকবে না তাই কখনো হয়। এদিন একইসাথে হয়ে গেল উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত পরিচালক শিবুপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালিত আসন্ন ছবি 'গোত্র'-র নতুন গান 'রঙ্গবতী'-র মিউজিক লঞ্চ।
প্রথম গান 'নীলদিগন্তে'- র অসামান্য সাফল্যের পর এটি ছবির দ্বিতীয় গান। এটি ছবির অসাধারণ পেপি সং। এই আনন্দানুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র -ইন -কাউন্সিল শ্রী দেবাশীষ কুমার, অভিনেত্রী মানালী দে, অভিনেতা নাইজেল আকারা, ওম প্রকাশ সাহানি, অভিনেত্রী দেবলীনা কুমার, সুরকার তথা সঙ্গীত শিল্পী সুরজিৎ, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, পন্ডিত মল্লার ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন সকাল ১০টায় ইউটিউবে রিলিজ হয় এই গান। এরপর এক অন্যরকম ভাবে মুক্ত আকাশের নীচে বৃষ্টিকে সঙ্গে করে গানের তালে এক দুর্দান্ত নৃত্য পরিবেশন করলেন ছবির কলাকুশলীরা। এর পাশাপাশি মাননীয় অতিথিদের উত্তরীয় পরিয়ে তাঁদের সম্মান জানায় ক্লাব কর্তৃপক্ষ।
এদিন খুঁটিপুজো এবং একাধারে 'গোত্র '-র মিউজিক লঞ্চ সম্পর্কে ক্লাবের প্রধান উদ্যোক্তা তথা মেয়র- ইন -কাউন্সিল শ্রী দেবাশীষ কুমার জানান, " প্রতি বছর দর্শকদের প্রত্যাশা থাকে ত্রিধারা-র পুজোকে ঘিরে। এবারেরও সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। খুঁটিপুজোর উদ্দেশ্যে হল, মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে পুজো এসে গেছে প্রস্তুত হও।"
এর পাশাপাশি তিনি আরো জানান,"উইন্ডোজ প্রোডাকশনের কাছে কৃতজ্ঞ তারা আমাদের খুঁটিপুজোর অনুষ্ঠানে তাদের আসন্ন ছবির মিউজিক লঞ্চ করেছে"।
'মুক্তধারা'-র পর আবারো পরিচালক শিবুপ্রসাদ -নন্দিতা রায়ের পরিচালিত 'গোত্র' ছবির হাত ধরে জুটি বাঁধলেন অভিনেতা নাইজেল আকারা। এই ছবিতে তারিক আলী নামে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি ।
নিজের গোত্র সম্পর্কে বললে 'মনুষ্যত্ব'-কে যিনি সামনে রাখতে পছন্দ করেন সেই অভিনেতা নাইজেল এদিন ছবির মিউজিক লঞ্চ সমন্ধে জানান, "নীলদিগন্তে'-র পর এটি একটি পেপি নাম্বার। গানটি শুনলেই নাচতে ইচ্ছে করবে। উড়িষ্যায় হয়েছে এই গানের শ্যুটিং। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।"
নিজের আসন্ন ছবি সম্পর্কে গল্পের অন্যতম মুখ্য চরিত্র 'ঝুমা ' অর্থাৎ অভিনেত্রী মানালী দে জানান, "আজকের এই শুভ দিনে আমাদের দ্বিতীয় গান রিলিজ হল। খুব এক্সাইটেড গান নিয়ে এবং একইসাথে ছবি নিয়েও। এই সময়ে দাঁড়িয়ে এটা একটা আইডিয়াল ছবি।"
উড়িষ্যার বিখ্যাত ওড়িয়া গান 'রঙ্গবতী ' গানটির বাংলা ভার্সনটি কম্পোজ করেছেন সুরকার সুরজিৎ চ্যাটার্জি। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরজিৎ চ্যাটার্জি স্বয়ং।
জন্মাষ্টমীর দিনে সমস্ত সিনেমাহলে মুক্তি পেতে চলেছে 'গোত্র'।






Comments
Post a Comment